যেসব দেশ নিউক্লিয়ার অস্ত্র তৈরি এবং মজুদ করে তাদের গত ছয় বছরের (২০১২-২০১৮) নিউক্লিয়ার কার্যকলাপ প্রতিবেদন আকারে প্রকাশ করেছে এন.টি.আই। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। তখন থেকে তারা পৃথিবীর প্রায় সমস্ত দেশের নিউক্লিয়ার কার্যকলাপের উপর দৃষ্টি রাখা শুরু করে। ২০১২ সালে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে ১৯৯০-২০১২ পর্যন্ত বিভিন্ন দেশের নিউক্লিয়ার শক্তি, অস্ত্র এবং অন্যান্য কার্যকলাপ বিশ্লেষণ করা হয় এবং সেখানে দেখা যায় ১৯৯০ সালে প্রায় ৫০ টি দেশে কমপক্ষে এক কিলোগ্রাম বা তার থেকে বেশী পরিমাণ নিউক্লিয়ার অস্ত্র তৈরির কাঁচামাল বিদ্যমান ছিল। কিন্তু ২০১২ সালে সেই সংখ্যা কমে ৩২ টি দেশে নেমে গেছে। অর্থাৎ ১৮ টি দেশ নিউক্লিয়ার অস্ত্র এবং এর আনুষঙ্গিক কাঁচামাল তৈরি করা বন্ধ করে দিয়েছে। ২০১৮ সালেও আরেকটি রিপোর্ট এসেছে যেখানে দেখা যাচ্ছে এই সংখ্যা বাইশে নেমে এসেছে। যদিও এই ২২ টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, ব্রিটেন এবং উত্তর কোরিয়াতে নিউক্লিয়ার শক্তির সংখ্যা ২০১৬ সাল থেকে কিছুটা বেড়েছে।