মানুষের ইতিহাসের প্রায় পুরো সময়টিতেই মানুষ সব কিছুর জন্য প্রকৃতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। কিন্তু শিল্প বিপ্লবের পর প্রকৃতির পাশাপাশি মানুষ নিজের বুদ্ধিমত্তার জোরে কৃত্রিম উপায়েও অনেক প্রয়োজন মিটিয়ে ফেলতে শুরু করে। তবে শিল্প বিল্পব কৃত্রিম উপায়ে প্রয়োজন মেটাবার পাশাপাশি পরিবেশ দূষণের মতো সমস্যাও তৈরি করে। ফলে একটি পর্যায়ে বিজ্ঞানীরা আবারো প্রকৃতি থেকেই মানুষের প্রয়োজন মেটাবার তাগিদ অনুভব করেন। আর প্রকৃতিতে যে উপাদানটি সবচেয়ে সহজে পাওয়া যায় সেটি হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। ফলে গাছে কান্ড, পাতা, বাকল, ফুল, ফলের ছাল- সবকিছুতেই সেলুলোজ পাওয়া যায়। উদ্ভিদভেদে সেলুলোজের প্রাপ্যতা কম বেশি হতে পারে কিন্তু যেখানেই গাছ, সেখানেই সেলুলোজ। ফলে বর্তমানে সেলুলোজ বর্তমানে গবেষণাখাতের এক গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।