এখন আমরা যাকে বলি পদার্থবিজ্ঞান, গ্রীকদের আমলে সেটাই ছিল ন্যাচারাল ফিলোসফি বা প্রাকৃতিক দর্শন। আসলে প্রাকৃতিক দর্শন যে পদার্থবিজ্ঞান হয়েছে তা খুব বেশিদিনের ব্যাপার নয়, মাত্র দু’তিনশ বছর। আজকের এই আধুনিক পদার্থবিজ্ঞানের শুরুটা দার্শনিকদের হাত ধরেই হয়েছিল, তখন তা ছিলও দর্শনময়। এ দর্শনগুলোর অনেক বড় দু’জন প্রবক্তা হচ্ছেন প্লেটো আর তাঁর ছাত্র অ্যারিস্টটল। তাঁদের আর তাঁদের প্রাকৃতিক দর্শনকে নিয়েই আমাদের প্রবন্ধ। কিন্তু প্লেটোর গুরু সক্রেটিস সম্পর্কে কিছু না বলে আসলে সরাসরি প্লেটো-অ্যারিস্টটলের গল্পে যাওয়া যায় না, প্রাকৃতিক দর্শনের কথাও বলা যায় না।