কেমব্রিজে প্রথম দুবছরে ম্যাথম্যাটিকাল ট্রাইপস পাস করার পর তার সামনে আরও আধুনিক গণিতচর্চা এবং পড়াশুনা করার দুয়ার খুলে যায়। ট্রাইপস এর পার্ট-থ্রি তিনি শেষ করতে চাচ্ছিলেন এবং তার সামনে দুটো পথ খোলা ছিল। একদিকে তিনি গণিতে ট্রাইপস করতে পারেন অথবা পদার্থবিজ্ঞানে করতে পারেন। তার ইচ্ছা ছিল পদার্থবিজ্ঞানে কাজ করার। কারণ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার আগ্রহ ছিল প্রবল। কেমব্রিজে পড়াশুনার সময় তার টিউটর ছিলেন আরেক বিখ্যাত পদার্থবিদ ফ্রেড হয়েল। হয়েল তাকে বলেন যে- “যদি তুমি একজন ভাল পদার্থবিজ্ঞানী হতে চাও, তোমাকে তাত্ত্বিক এবং ব্যবহারিক – দুধরণের বিষয়েই ভালো হতে হবে।” কারণ অংক কষে যখন কোন তত্ত্ব দাড় করানো হবে সেটাকে সত্য বলে প্রমাণ করতে হলে এবং সার্বজনীন স্বীকৃত পেতে হলে সেই তত্ত্বকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে।